অ্যামটব মহাসচিব হচ্ছেন মোহাম্মদ জুলফিকার
বিদায়ী মে মাসে শেষ হচ্ছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদের নিয়োগ। চার বছরের বেশি সময় এই পদে দায়িত্বপালনকারী ফরহাদের জায়গায় আসছে জুন মাস থেকে যোগ দিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার (অবসরপ্রাপ্ত)।
বুয়েট হতে কম্পিউটার প্রকৌশলে স্নাতক মোহাম্মদ জুলফিকার এর আগে দেশের একমাত্র এমএনপি (মোবাইল নম্বর পোর্টাবিলিটি) সেবা দেওয়া প্রতিষ্ঠান ইনফোজিলিওনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। আরও আগে তিনি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির একাধিক বিভাগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে এনএসআইয়ের উপ-পরিচালক ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ২৫ বছর টেলিকম এবং আইটি সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন।
তবে এ নিয়োগ বিষয়ে অ্যামটব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা যিনি অ্যামটব বোর্ডে রয়েছেন তিনি এই নিয়োগের তথ্য নিশ্চিত করেছেন। আর এমটব মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে জানানো হতে পারে।
প্রসঙ্গত, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, টেলিটক এবং সিটিসেল এমটবের সদস্য এবং মোবাইল নেটওয়ার্ক সল্যুশন প্রোভাইডার এরিকসন, হুয়াওয়ে ও নকিয়া সহযোগী সদস্য।





